ইরান যুদ্ধ অবসানে শান্তি চুক্তি সই হয়েছে। শুক্রবার হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সোমবার ফ্রান্সে জি৭ বৈঠকের আগে একথা জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প। বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।
ট্রাম্প জানিয়েছে, চুক্তি সম্পাদনের পর ইতিমধ্যেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। তবে সেখানে আগে থেকেই পেতে রাখা কিছু সামুদ্রিক মাইন অনুসন্ধানের কাজ চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি মাইন শনাক্ত করা হয়েছে এবং সেগুলো পুরোপুরি অপসারণ করে আগামী শুক্রবারের মধ্যে এই নৌপথটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে।
“তেলের দাম দ্রুত কমছে এবং শেয়ার বাজার অবস্থান ঊর্ধ্বগামী”, বলছেন ট্রাম্প।
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, ইরানের সাথে তাদের সম্পর্ক খুব ভালো ছিল।
তিনি বলেন, ইরানের পূর্ববর্তী দুটি নেতৃত্বদানকারী দলের চেয়ে বর্তমান দলটি শক্তিশালী এবং স্মার্ট। যার ফলে তাদের সঙ্গেই এই চূড়ান্ত সমঝোতা সফল হয়েছে।
চুক্তি স্বাক্ষরের আগে দুই রাত ধরে সামরিক আক্রমণ চালানোর বিষয়ে দুঃখ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
পরিস্থিতি তৃতীয় রাতের আক্রমণের দিকে যাওয়ার আগেই উভয় পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছেন ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দাবি করছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার ব্যাপারে পুরোপুরি সম্মত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছে ইরান।