যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উড্ডয়নের পরপরই মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বোয়িং কোম্পানির দুই কর্মীও রয়েছেন। সোমবার স্থানীয় সময় এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত একটি পরীক্ষামূলক মিশনে অংশ নিতে বিমানটি উড্ডয়ন করে। তবে আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘাঁটির রানওয়ে এলাকায় আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর কয়েক মাইল দূর থেকেও দেখা যায় এমন ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কমান্ডার কর্নেল জেমস হেইস এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ আমরা আটজন অসাধারণ আমেরিকানকে হারিয়েছি।”
তিনি জানান, নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাটি থেকে কারও বেঁচে থাকার সুযোগ ছিল না। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের নাম প্রকাশ করা হবে।
কর্মকর্তারা জানান, বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঘাঁটির সব ধরনের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ও কারিগরি বিশ্লেষণ শেষ হতে ছয় মাস বা তারও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দুই কর্মী ওই বিমানে ছিলেন। প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তদন্তে সহযোগিতা করবে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এ ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ আখ্যা দিয়ে নিহতদের পরিবার ও এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসা বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনেরই অস্ত্র বহনে সক্ষম এই বিমানটি এখনো মার্কিন বিমানবাহিনীর অন্যতম প্রধান আকাশযান হিসেবে ব্যবহৃত হচ্ছে।