ভারতের আসাম রাজ্যে দেশটির বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্তে পাঁচজন নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে অবতরণের সময় বিমানটি জোরহাটের বিমান বাহিনী স্টেশনের অভ্যন্তরে ভূপাতিত হয়। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন লেগে যায়।
আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য দ্রুত ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম পাঠানো হয়। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচ সদস্যরা হলেন- স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় বিমান বাহিনী। তারা জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এই দুর্ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “আমরা জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর পরিবহন বিমানের দুর্ঘটনার বিষয়ে অবগত আছি। আমরা আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।"
আন্তোনভ এএন-৩২ হলো দুই ইঞ্জিনবিশিষ্ট একটি শক্তিশালী টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথমবার ভারতের প্রয়োজন অনুযায়ী বিশেষভাবে তৈরি করেছিলো এই বিমান। নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর রয়েছে।