ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশে একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। একই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার চলতি বছরে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।  

চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ২৮১ জনের। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই মারা গেছেন ১৪৮ জন। 

আগের মাসগুলোর তুলনায় অক্টোবরে বাড়ছে মৃত্যুর হার। গত পাঁচ দিনে মৃত্যু হয়েছে ৩৬ জনের। 

এর আগে অগাস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। 

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে  ৯৪ হাজার ৩৫৬ জনে। 

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৬১ জন, খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ২০৩, চট্টগ্রামে ২৪২ জন, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ জন এবং রাজশাহী ১৯৯ জন।