বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা, দ্রুত রোগী শনাক্ত করা এবং চিকিৎসা জোরদার করতে বাংলাদেশকে পাঁচ লাখ ডেঙ্গু টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তৈরি এসব কিট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব টেস্ট কিট হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্ট্রাইডস কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নের অংশ।

কিট হস্তান্তর অনুষ্ঠানের পর হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগনির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন অতিথিরা। এ সময় ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা এবং রোগনির্ণয়ের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা বিভিন্ন সরঞ্জামের ব্যবহারও পর্যবেক্ষণ করেন তারা।