দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি, এমনকি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে রাজধানী ঢাকার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতাও তৈরি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির দেওয়া পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে প্রতিদিন সব এলাকায় সমানভাবে বৃষ্টি হবে না।
কোনো দিন উত্তরাঞ্চল, আবার কোনো দিন দক্ষিণ ও উপকূলীয় এলাকায় ভারী বর্ষণের প্রবণতা বেশি দেখা যেতে পারে। ফলে টানা সপ্তাহ বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার চিত্রে পরিবর্তন আসলেও বৃষ্টির সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে।
মৌসুমি বায়ুর প্রভাবে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
এর ফলে দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, অন্যত্র তা মোটামুটি সক্রিয় অবস্থায় আছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
মৌসুমি বায়ুর এই সক্রিয় অবস্থার কারণেই আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিভিন্ন জায়গায় কম সময়ের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে।
ভারী বর্ষণের সতর্কবার্তা
নিয়মিত পূর্বাভাসের পাশাপাশি আরেক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
এই অতিভারী বর্ষণের ফলে রাজধানী ঢাকার নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে শহরাঞ্চলে যান চলাচলে ধীরগতি এবং নিচু এলাকায় বসবাসকারী মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কাও রয়েছে।
সপ্তাহব্যাপী আবহাওয়ার চিত্র
সোমবার (২০এ জুলাই) রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২১এ জুলাই) দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে বুধবার (২২এ জুলাই) বৃষ্টির কেন্দ্র কিছুটা দক্ষিণের দিকে সরে যেতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২৩এ জুলাই) দেশের দক্ষিণ ও উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা আরও জোরালো হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। অন্য বিভাগগুলোর অনেক এলাকাতেও বৃষ্টি অব্যাহত থাকবে।
সপ্তাহের শেষ দিন,অর্থাৎ শুক্রবার (২৪এ জুলাই) একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্যান্য বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আরও জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকায় নগর এলাকার জলাবদ্ধতাপ্রবণ স্থান, নিচু এলাকা এবং ভারী বৃষ্টিপ্রবণ অঞ্চলে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।