শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণার সুযোগ তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের জন্য তৈরি হওয়া টিচার্স অ্যাকাডেমিক সোসাইটি ফর ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড কালচার (টিএএসএলএলসি) নিবন্ধন পেয়েছে।
নিবন্ধিত সোসাইটি হিসাবে দেশের শিক্ষাবিদ ও তরুণ গবেষকদের জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম গড়ে তুলে কার্যক্রম আরও বাড়াতে চায় সংগঠনটি।
ভাষা, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের নিয়ে এই সোসাইটি গড়ে উঠেছে। গবেষণার নতুন ক্ষেত্র তৈরি, শিক্ষাদান পদ্ধতির উন্নয়ন এবং বিভিন্ন বিষয়ে একাডেমিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ে কাজ করছে তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তোলা এবং নতুন গবেষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও সংগঠনটির অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠার পর গত এক বছরে বেশ কয়েকটি কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে ‘ওয়ার্ডস্মিথ’, ‘অ্যাকাডেমিক আড্ডা’, ‘রিসার্চ আড্ডা’, ‘ইন্টেলেক্ট ওডিসি’ এবং ‘মিট দ্য মেন্টর’। এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে আলোচনা, মতবিনিময় এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
এ ছাড়া ভাষাবিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গবেষণাপত্র প্রকাশের মতো বিভিন্ন বিষয়ে ওয়েবিনার ও কর্মশালার আয়োজন করেছে টিএএসএলএলসি। এসব আয়োজনের মাধ্যমে প্রচলিত শিক্ষার বাইরেও সমসাময়িক বিষয় সম্পর্কে জানার সুযোগ তৈরি করার চেষ্টা করছেন তারা।
টিএএসএলএলসি সভাপতি জানান, সংগঠনটির লক্ষ্য শুধু নিয়মিত অনুষ্ঠান আয়োজন করাই নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবে, নতুন গবেষকেরা অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ পাবেন এবং বাংলাদেশের শিক্ষাবিদেরা আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও জ্ঞানচর্চায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
গবেষণা ও শিক্ষার পাশাপাশি সদস্যদের পেশাগত উন্নয়ন এবং অন্তর্ভুক্তির বিষয়েও গুরুত্ব দিচ্ছে টিএএসএলএলসি। এ লক্ষ্যে শিক্ষকদের সুস্থতা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে কর্মসূচি পরিচালনা করছে সংগঠনটি।
আনুষ্ঠানিক নিবন্ধন পাওয়ার পর সংগঠনটির কার্যক্রম দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও দেশের বাইরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকদের মধ্যে যৌথ গবেষণার সুযোগ তৈরি, একাডেমিক প্রকাশনা, নতুন গবেষকদের পরামর্শ এবং আন্তর্জাতিক শিক্ষাবিদদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথাও সংগঠন থেকে জানানো হয়।