বেনাপোল পোর্ট ঘিরে আইনশৃঙ্খলাবাহিনীর ভিড়। পুলিশ, বিজিবি, অধুনালুপ্ত র্যাব, আর সাদা পোশাকে গোয়েন্দাদের ছড়াছড়ি। স্থানীয়রা বুঝতেও পারছিলেন না হচ্ছেটা কী সীমান্তে।
২০১৫ সালের ১২ই নভেম্বর। রাত সাড়ে এগারোটা। ওপারের পেট্রাপোল থেকে নীল মাইক্রোবাসে করে এপারে এলেন ইমিগ্রেশন আর বেনাপোল পোর্ট থানার ওসি। ছিলেন বিজিবির যশোর ব্যাটালিয়ানের সেকেন্ড ইন কমান্ড।
এই মহাযজ্ঞ যাকে ঘিরে তিনি নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট। ঘটনার পর পালিয়ে গিয়েছিলেন ভারতে।
কলকাতার কৈখালী থেকে তাকে গ্রেপ্তার করে সেখানকার পুলিশ। দুই দেশের কূটনৈতিক চিঠি চালাচালির পর তাকে ফিরিয়ে আনা হয় বাংলাদেশে।
২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে দেয় ভারত।
এর ঠিক আগেরদিনের ঘটনা। ১১ই নভেম্বর।
সিলেটের ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে। তবে এর আইনি প্রক্রিয়া ছিল ভিন্ন।
বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার পর সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। তাই নিজেই ফিরতে চেয়েছিলেন অনুপ।
তবে প্রত্যর্পণ চুক্তির আওতায় ২০১৬ সালে বাংলাদেশ থেকে ভারতে ফেরত পাঠানো হয় আবদুর রউফ মার্চেন্ট নামের এক ব্যক্তিকে। তিনি মুম্বাই বিস্ফোরণ মামলার অন্যতম আসামি।
এক দেশের অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি অন্য দেশে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনতেই এই প্রত্যর্পণ চুক্তি করে দুই দেশ।
কিন্তু চুক্তি থাকলেই কি এটা সম্ভব? কোন দেশ কি কাউকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে?
এই বিশ্লেষণে যাওয়ার আগে, বিশ্বের কিছু উল্লেখযোগ্য প্রত্যর্পণের ঘটনা দেখা যাক।
বিশ্বের কিছু বন্দি প্রত্যর্পণ
১৯৯৩ সালে ভারতের মুম্বাই বিস্ফোরণ মামলার অন্যতম আসামি ছিলেন আবু সালেম। দীর্ঘদিন পর্তুগালে পলাতক ছিলেন। তাকে ফেরত আনার উদ্যোগ নিয়েছিল ভারত।
২০০৫ সালের ১০ই নভেম্বর পর্তুগাল থেকে ভারতে প্রত্যর্পণ করা হয় আবু সালেমকে। তবে তাকে ফেরত পাঠানোর আগে পর্তুগাল কিছু শর্ত জুড়ে দেয়।
মূল শর্ত ছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না কিংবা ২৫ বছরের বেশি সাজা দেওয়া যাবে না।
নতুন কোনো মামলাও যুক্ত করে বিচার করা যাবে না, পাঠানো যাবে না তৃতীয় কোনো দেশে। ভারত এসব শর্ত মানার আশ্বাস দেওয়ার পর তাকে প্রত্যর্পণ করেছিল পর্তুগাল।
২০০৮ সালের মুম্বাই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল পাকিস্তানি বংশোদ্ভুত তাহাউর রানার বিরুদ্ধে। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে।
ভারত তাকে ফেরত চেয়ে আবেদন করেছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে ২০২৫ সালের ৯ই এপ্রিল যুক্তরাষ্ট্র তাকে ভারতের কাছে হস্তান্তর করে।
২০২৬ সালের এপ্রিলে সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশিকে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। সাইফুল ইসলাম একটি বিস্তৃত আন্তর্জাতিক পাচারকারী দলের অংশ হিসেবে কাজ করতেন। তিনি ব্রাজিল, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো হয়ে অভিবাসীদের বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে সহায়তা করতেন।
ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের আন্তর্জাতিক বিষয়ক শাখা সাইফুলকে ব্রাজিল থেকে গ্রেপ্তার ও প্রত্যর্পণে কাজ করেছে।
সব ক্ষেত্রে অবশ্য প্রত্যর্পণ আবেদন সফল হয় না।
এর অন্যতম উদাহরণ ওয়ারেন অ্যান্ডারসন। ১৯৮৪ সালের ভারতের ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় তিনি ছিলেন ভারতের ইউনিয়ন কার্বাইডের প্রধান নির্বাহী।
দুর্ঘটনার পর তার বিরুদ্ধে মামলা হয়। ভারত তাকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত চেয়েছিল। ২০০৩ সালে ভারতের পাঠানো প্রত্যর্পণ আবেদনে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তা প্রত্যাখান করে যুক্তরাষ্ট্র। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রেই তার মৃত্যু হয়।
প্রত্যর্পণ প্রক্রিয়ার জটিলতার সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের কাছে তাকে ফেরাতে আবেদন করেছিল বাংলাদেশ। যদিও ইউএই’র সাথে বাংলাদেশের কোন চুক্তি নেই।
কিন্তু তিনি সেখানে গ্রেপ্তার হওয়ার পরই আবেদন করেছিল বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় নথিও পাঠানো হয়। কিন্তু কয়েক মাস পার হলেও এই প্রক্রিয়া এগোয়নি।
আমিরাতে জেল থেকে মুক্তি পেলেও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রত্যর্পণ আসলে কী?
অন্য দেশে থাকা কোনো অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে নিজ দেশে ফিরিয়ে আনার এই আইনি প্রক্রিয়ার নাম প্রত্যর্পণ। ইংরেজিতে একে বলা হয় এক্সট্রাডিশন ।
সাধারণত কোনো ব্যক্তি কোনো অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নিজ দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করলে তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের আবেদন করা হয়।
আবার আদালতে দণ্ডিত হওয়ার পর সাজা কার্যকরের জন্যও তাকে ফেরত চাওয়া যেতে পারে।
বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি
বাংলাদেশ ও ভারত ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি সই করে। এক দেশে অন্য দেশের অপরাধীদের পালিয়ে থাকার সুযোগ বন্ধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় এটি একটি শক্তিশালী আইনি কাঠামো।
চুক্তির প্রথমে ১ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে, এক দেশের অভিযুক্ত, বিচারাধীন কিংবা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি অন্য দেশে থাকে, চুক্তি অনুযায়ী তাকে প্রত্যর্পণ বা ফিরিয়ে দেওয়া যাবে।
অপরাধ যদি অনুরোধকারী দেশের সীমানার বাইরেও হয়, তবুও নিজস্ব আইন অনুযায়ী দণ্ডনীয় হলে অনুরোধপ্রাপ্ত দেশ বন্দি প্রত্যর্পণ করবে।
কোন কোন অপরাধের ক্ষেত্রে এই চুক্তি কার্যকর হবে, তা সুনির্দিষ্ট করা হয়েছে দ্বিতীয় ও তৃতীয় অনুচ্ছেদে।
চুক্তির ২ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী, দুই দেশের আইনেই ন্যূনতম এক বছরের কারাদণ্ড দেওয়া যায় এমন অপরাধের ক্ষেত্রেই অপরাধী বা অভিযুক্ত প্রত্যর্পণ প্রযোজ্য হবে।
কর ফাঁকি বা রাজস্ব সংক্রান্ত আর্থিক অপরাধও এর আওতায় থাকবে। অপরাধের চেষ্টা, প্ররোচনা বা সহযোগী হিসেবে অংশ নিলেও তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।
তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অপরাধের আংশিক অংশ এক দেশে এবং তার প্রভাব যদি অন্য দেশে পড়ে, তাও চুক্তির আওতাভুক্ত হবে।
সুযোগ আছে প্রত্যাখ্যানের
তবে এই চুক্তিতে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করারও সুযোগ আছে। ষষ্ঠ অনুচ্ছেদে বলা হয়েছে অপরাধের যদি ‘রাজনৈতিক চরিত্র’ থাকে তবে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হতে পারে।
তবে ওই অনুচ্ছেদেই নির্দিষ্ট কিছু অপরাধকে ‘রাজনৈতিক চরিত্র’ হিসাবে গণ্য করা যাবে না বলে উল্লেখ করা হয়েছে।
অপরাধগুলোর মধ্যে আছে হত্যা, গুরুতর শারীরিক আঘাত, বিস্ফোরণ ঘটানো বা বিস্ফোরক মজুত রাখা, অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, অপহরণ ও জিম্মি করার মতো অপরাধের ক্ষেত্রে তা রাজনৈতিক বলে বিবেচিত হবে না।
চুক্তির পাঁচ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো রাষ্ট্র চাইলে তার নিজের নাগরিকদেরও অন্য দেশের কাছে প্রত্যর্পণ করতে পারবে।
বন্দি প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু রক্ষাকবচ এবং প্রত্যাখ্যানের ক্ষেত্রও রাখা হয়েছে চুক্তির সপ্তম ও অষ্টম অনুচ্ছেদে। কোনো ব্যক্তির অপরাধের বিচার যদি অনুরোধপ্রাপ্ত দেশের আদালতেই সম্ভব হয়, তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করে নিজেদের আইনি প্রক্রিয়ায় তার বিচার শুরু করা যেতে পারে।
অষ্টম অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অভিযুক্ত ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগটি অত্যন্ত তুচ্ছ প্রকৃতির, অপরাধের পর দীর্ঘ সময় পার হয়ে গেছে, কিংবা ন্যায়বিচারের বাইরে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে প্রত্যর্পণের আবেদন করা হয়েছে, তাহলে অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে।
সামরিক অপরাধ, যা সাধারণ ফৌজদারি আইনের আওতাভুক্ত নয়, তার জন্যও প্রত্যর্পণ না করার বিধান রাখা হয়েছে।
চুক্তিটি বাস্তবায়নের জন্য চার নাম্বার অনুচ্ছেদে দুই দেশের নির্দিষ্ট মন্ত্রণালয়কে ‘কেন্দ্রীয় কর্তৃপক্ষ’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশের এই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্ব পালন করছে।
২০১৬ সালে চুক্তিতে পরিবর্তন
বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে ২০১৬ সালে।
মূল চুক্তিতে কোনো অভিযুক্ত ব্যক্তিকে ফেরত চাওয়ার ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি অপরাধের প্রাথমিক প্রমাণও জমা দেওয়ার প্রয়োজন ছিল। এতে প্রত্যর্পণ প্রক্রিয়া দীর্ঘ হওয়ার আশঙ্কা ছিল।
২০১৬ সালের ২৮এ জুলাই দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে চুক্তিটি সংশোধন করা হয়। সংশোধনীর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়।
ফলে সংশ্লিষ্ট আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে প্রত্যর্পণের আবেদন করা সহজ হয়।
তবে এর অর্থ এই নয় যে, শুধু গ্রেপ্তারি পরোয়ানা দেখালেই অন্য দেশকে ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে। ব্যক্তির পরিচয়, অপরাধের বিবরণ, দ্বৈত অপরাধযোগ্যতা এবং প্রত্যাখ্যানের কারণগুলো বিবেচনায় নেওয়ার সুযোগ থাকে।
আন্তর্জাতিক আইন কী বলে
দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি, বহুপক্ষীয় আন্তর্জাতিক কনভেনশন ও সংশ্লিষ্ট দেশের বিদ্যমান আইনে প্রত্যপর্ণ করা হয়।
জাতিসংঘ ১৯৯০ সালে ১৪ই ডিসেম্বর ‘মডেল ট্রিটি অন এক্সট্রাডিশন’ গ্রহণ করে। এটা দেশগুলোর মধ্যে প্রত্যপর্ণ চুক্তি তৈরির জন্য একটি নমুনা কাঠামো। এর মাধ্যমে প্রত্যর্পণের শর্ত, আবেদন, প্রত্যাখ্যানের কারণ এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া নির্ধারণে দেশগুলোকে দিকনির্দেশনা দেওয়া হয়।
জাতিসংঘের সদস্য হলেই একটি দেশকে অন্য দেশের সব প্রত্যর্পণ আবেদন মেনে নিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
২০০০ সালে জাতিসংঘের উদ্যোগে গৃহীত হয় ‘ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’। এই কনভেনশনের ১৬ নাম্বার অনুচ্ছেদে প্রত্যর্পণ নিয়ে বিস্তারিত রয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে সদস্যদেশগুলোর মধ্যে প্রত্যর্পণের ব্যবস্থা রাখা হয়েছে। যে অপরাধের জন্য আবেদন করা হবে তা দুই দেশের আইনে অপরাধ হতে হবে।
বাংলাদেশ এই কনভেনশনে যুক্ত হয়েছে ২০১১ সালের ১৩ই জুলাই।
বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি কাদের সাথে
বাংলাদেশেও প্রত্যর্পণ নিয়ে আলাদা আইন করা হয় ১৯৭৪ সালে, ‘দ্য এক্সট্রাডিশন অ্যাক্ট’। এই আইনে অন্য দেশ থেকে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে ফিরিয়ে আনা এবং বাংলাদেশে থাকা বিদেশি অপরাধীকে ফেরত পাঠানোর বিধান রয়েছে।
বাংলাদেশের সাথে তিনটি দেশের চুক্তি রয়েছে। ১৯৯৮ সালে প্রথম চুক্তি হয় থাইল্যান্ডের সাথে। এটা কার্যকর হয় ২০০১ সালে।
এরপর ভারতের সাথে চুক্তি হয় ২০১৩ সালের ২৮এ জানুয়ারি। একই বছরে ২৩ অক্টোবর এটি কার্যকর হয়।
২০১৯ সালের ১লা অক্টোবর চুক্তি সই দক্ষিণ আফ্রিকার সাথে। কার্যকর হয় ২০২০ সালের ৬ই অক্টোবর।
যে যে পরিস্থিতিতে প্রত্যর্পণ করা যাবে না
দুই দেশের মধ্যে প্রত্যপর্ণ চুক্তি থাকলেও ফেরত পাঠানোর ক্ষেত্রে ব্যতিক্রম আছে।
বাংলাদেশ-ভারত চুক্তির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখানে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে।
কারণগুলো মধ্যে আছে, রাজনৈতিক অপরাধ, ন্যায়বিচারের স্বার্থ, একই অপরাধে আগের বিচার, সামরিক অপরাধ।
কোনো অপরাধ রাজনৈতিক চরিত্র হলে প্রত্যর্পণ প্রত্যাখান করা যেতে। চুক্তিতে হত্যা, গুরুতর শারিরিক আঘাত, বিস্ফোরণ, অপহরণ, জিম্মি করা এবং হত্যায় উসকানির মতো অপরাধকে রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে রাখা হয়েছে।
কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সৎ উদ্দেশে করা হয়নি, তাকে ফেরত পাঠানো নিপীড়নমূলক হবে এমন প্রমাণিত হলে প্রত্যাখান করা যেতে পারে।
একই অপরাধে আগে বিচার শেষে খালাস বা দণ্ডিত থাকলে ওই অপরাধের জন্য তাকে প্রত্যর্পণ করা যাবে না।
ফৌজদারি অপরাধে গণ্য নয় এমন সামরিক অপরাধের ক্ষেত্রেও প্রত্যাখান করা যাবে।
এ ছাড়া যে দেশে ব্যক্তিটি অবস্থান করছেন, সেখানকার আদালতেই যদি তাঁর বিচার হওয়ার সুযোগ থাকে, তাহলে প্রত্যর্পণের আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।
চুক্তি কি বাতিল করা যায়?
ভারত-বাংলাদেশের মধ্যে এই চুক্তি থেকে যে কোন দেশ চাইলেই বের হতে পারবে।
চুক্তির ২১ নাম্বার অনুচ্ছেদে বলা হয়েছে, দুই দেশের যে কোন একটি দেশ কূটনৈতিক চ্যানেলে অন্য দেশকে নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারে। নোটিশ পাওয়ার ৬ মাস পর চুক্তিটি কার্যকারিতা হারাবে।
চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেই সাথে সাথে তা বাতিল হয় না।
বাতিলের নোটিশ দেওয়ার আগে জমা পড়া প্রত্যর্পণ আবেদনের সুরাহা কীভাবে হবে তা এই চুক্তিতে অস্পষ্ট।
শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্ন
প্রত্যর্পণ নিয়ে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত নাম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই আছেন।
তাকে দেশে ফেরত দিতে বাংলাদেশ সরকার ২০২৪ সালের ডিসেম্বরে ভারত সরকারকে অনুরোধ করে। ২০২৫ সালের নভেম্বরে তাকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর আবারও প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়।
কিন্তু ভারত বারবারই বলছে আইনি ও বিচারিক প্রক্রিয়ায় বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ১০ই নভেম্বরও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এটা আইনি বিষয়, সে অনুযায়ীই হবে পরবর্তী কার্যক্রম।