সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ওই হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক।
এই ঘটনার পর রিয়াদের বাংলাদেশ মিশন নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা অগ্রহণযোগ্য এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
এই সংকটময় মুহূর্তে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ।
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে এই সংঘাতের অবসান, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের জোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।