মিয়ানমারকে ‘সংখ্যা’ ঠিক করতে বললো বাংলাদেশ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে থাকা অসঙ্গতি ঠিক করার তাগিদ দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (মিয়ানমার) মো. তৌফিক-উর-রহমান মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো’র সাথে বৈঠক করেন।

এ সময় মিয়ানমারের বিবৃতির অনেক ভুল তথ্য-উপাত্ত ঠিক করার তাগিদ দেওয়া হয়। জাতিসংঘের অধীনে নিবন্ধনের তথ্যই সঠিক বলে মনে করিয়ে দেওয়া হয়।

গত শনিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জনের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে যাচাই করা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ ব্যক্তির মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জন রাখাইন বাসিন্দা বলে তারা নিশ্চিত করেছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ওই বিবৃতিতে রোহিঙ্গাদে ‘বাঙালি’ হিসাবে উল্লেখ করা হয়। এই তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তুলে ধরা হয়েছে যে, রোহিঙ্গারা ‘বাঙালি’ নন।

এ সময় রাষ্ট্রদূত ইউ কিয়াও সো মো বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণগুলো মিয়ানমার কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।