বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশে চলমান নদী খনন কর্মসূচির বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
এ সময় তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন তিনি। চীনের পানি সম্পদমন্ত্রী লি গুওইং পানিসম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করে তিনি বলেন, গত বছর চীনের পানি বিশেষজ্ঞরা বাংলাদেশ সফর করেছেন। পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক, গবেষণানির্ভর এবং পারস্পরিকভাবে লাভজনক।
তারেক রহমান বাংলাদেশের নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে চীন সরকারের সহযোগিতা কামনা করেন।
পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে মন্তব্য করেন চীনের পানি সম্পদমন্ত্রী। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও এ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান।