প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। ২৮এ জুন থেকে আবেদন করা যাবে।
বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
হাইকমিশনার বলেন, “আমি খুব খুশির সাথে ঘোষণা করছি যে, আমরা ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণ ভিসা আবেদন পুনরায় চালু করছি।”
২৮এ জুন থেকে আবেদন করা যাবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা জরুরি ক্ষেত্রে মানবিক নজরে মেডিকেল ভিসা আবেদন গ্রহণ অব্যাহত রাখবো।”
ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের বাইরে ভিসা আবেদনের কার্যক্রম বাড়ানো হবে বলেও জানান তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, "অন্যান্য শহরে ধীরে ধীরে ভিসা আবেদন কার্যক্রম বাড়ানো হবে। আমরা আশা করি এর দ্বারা দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।"
ভারত সরকার গত এপ্রিলে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠালো।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে ২০২৪ সালের ১৮ জুলাই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়।
এরপর ৫ই অগাস্ট বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের পর্যটন ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত।
১৬ই অগাস্ট সীমিত পরিসরে জরুরি ও মেডিকেল ভিসা ইস্যুর ঘোষণা দিয়ে ভিসা আবেদনকেন্দ্র খুলে দেওয়া হয়।
এছাড়া ২০২৫ এর ২২এ ডিসেম্বর বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির বাংলাদেশের ভিসা কেন্দ্রে ভাঙচুর করেছিলো হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করেছিলো বাংলাদেশ।