‘অপারেশন মিডনাইট হ্যামার’ এর পর ইরান থেকে ইউরেনিয়াম সংগ্রহ করা যুক্তরাষ্ট্রের জন্য ‘দীর্ঘ’ এবং ‘কঠিন’ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে হামলায় নেতৃত্ব দেওয়া বিমানচালকদের প্রাপ্য সম্মান না দেওয়ায় সিএনএনসহ বিভিন্ন মিডিয়াকে তিনি ‘ফেইক’ ও ‘লুজারস’ বলেছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “অপারেশন মিডনাইট হ্যামার ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অভিযান। তাই সেগুলো খুঁজে বের করা হবে দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া।”
সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়ে ট্রাম্প লেখেন, “ফেইক নিউজ সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক ও প্ল্যাটফর্মগুলো আমাদের মহান বিমানচালকদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে - বরং সবসময় তাদের হেয় ও ছোট করার চেষ্টা করছে- লুজারস!!!”
প্রসঙ্গত, অপারেশন মিডনাইট হ্যামারে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফরডু ফুয়েল এনরিচমেন্ট প্লান্ট, নাটানজ নিউক্লিয়ার ফেসিলিটি এবং ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।