যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতা হলে হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে জাহাজ চলাচল করলে ইরান হামলা করবে না বলে জানিয়েছে। তেহরানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরান জানিয়েছে ওয়াশিংটন শর্ত মেনে নেয়, তবেই এই প্রস্তাবটি কার্যকর করা হবে।
প্রস্তাব অনুযায়ী, বাণিজ্যিক জাহাজগুলো যদি হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে চলাচল করে, তবে ইরান সেসব জাহাজে কোনো ধরনের হামলা চালাবে না।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস হরমুজ প্রণালি দিয়ে পরিবহণ হয়। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে যা কার্যত বন্ধ
উপসাগরীয় অঞ্চলে কয়েকশ ট্যাঙ্কার ও অন্যান্য জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন।
গত ৮ই এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এখনো কোনো সমঝোত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন যুদ্ধ প্রায় শেষের দিকে।
তেহরানের সূত্রটি রয়টার্সকে জানিয়েছে, ইরান এখনো স্পষ্ট করেনি তারা ওই এলাকায় রাখা মাইন সরাবে কি না কিংবা ইসরায়েলসংশ্লিষ্ট জাহাজগুলোকেও চলাচলের অনুমতি দেওয়া হবে কি-না।
হোয়াইট হাউস ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বার্তা দেয়নি।
ওমানের জলসীমা দিয়ে জাহাজ চলাচল চালুর এই পরিকল্পনা আগে থেকেই আলোচনায় ছিল। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি।