সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাসের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার ঢাকার দনিয়া কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় সপ্তাহে তিন দিন অনলাইন এবং ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে।

আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে তিনি বলেন, এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে। তবে শিক্ষকদের বিদ্যালয়ে গিয়েই অনলাইন ক্লাস পরিচালনা করতে হবে।

“আমাদের শহরে রিনাউনড স্কুলগুলো, যেটাতে গাড়ি নিয়ে আসে যায়, যানজট সৃষ্টি করে”, সেই স্কুলগুলোতেই এমন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন তিনি। 

শিক্ষামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ অনুযায়ী, স্কুলগুলো বিদ্যুৎ চালিত গাড়ি কিনতে পারবে কোনো কর ছাড়াই।