যুুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট ও ইরানের কর্মকর্তারা। চারজন মার্কিনি, ইসরায়েলি ও স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস দাবি করেছে, ৪৫ দিনের সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে দুই দেশের কর্মকর্তারা। এই আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতির পথ সুগম করতে পারে।
সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। তবে বলা হচ্ছে, এই আলোচনাই এখন যুদ্ধ থামানোর একমাত্র পথ।
সোমবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কথা। তবে একদিন আগে রবিবার ট্রাম্প এই সময়সীমা মঙ্গলবার রাত পর্যন্ত বাড়িয়েছেন।
অ্যাক্সিওসকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তারা গভীর আলোচনায় আছেন। মঙ্গলবার সময়সীমা শেষ হওয়ার আগেই এই চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি।
ট্রাম্প বলেন, “চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা আছে। কিন্তু যদি তারা চুক্তি না করে, তবে আমি সবকিছু উড়িয়ে দেব।”
সূত্রের বরাতে অ্যক্সিওস জানায়, পাকিস্তান, মিসর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেক্সট মেসেজের মাধ্যমেও কথা হচ্ছে বলে জানা গেছে।
মার্কিন একজন কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসন বিগত দিনগুলোতে ইরানকে একাধিক প্রস্তাব দিয়েছেন। কিন্তু কোনো প্রস্তাবেই রাজি হয়নি তেহরান।
সূত্র জানিয়েছে, দুই ধাপে আলোচনা চলছে। প্রথম ধাপে ৪৫ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।