প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।
 
ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, বৈঠকে দুই দেশের জনগণ ও জাতীয় উন্নয়নের কথা মাথায় রেখে দ্বিপক্ষীয় চুক্তির ব্যাপারে আলোচনায় হয়েছে।

জনস্বাস্থ্য, আর্থিক সংযুক্তি, নারীর ক্ষমতায়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ, ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত, প্রযুক্তিগত অংশীদ্বারিত্ব এবং বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক আলোচনাই বৈঠকে প্রাধান্য পায়। 

ভারতীয় হাইকমিশনার উল্লেখ করেন, দ্বিপক্ষীয় সহযোগিতায় ভারত-বাংলাদেশের ভৌগলিক নৈকট্যের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করতে হবে যেন দুই দেশের অর্থনৈতিক ও যোগাযোগ শক্তিশালী হয় এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি পায়। 

প্রণয় ভার্মা জানান, বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে একটি ইতিবাচক, নির্মাণমূলক এবং ভবিষ্যতমুখী সহায়তার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ভারত।