সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে উত্থাপিত বিল পাস হয়েছে। রবিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।
‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এরপর যারা বিলটির পক্ষে আছেন তাদের কণ্ঠভোট চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। পরবর্তীতে যার পক্ষে নেই তাদের কথা জানতে চাওয়া হয়। কণ্ঠভোটে বিলটি পাস হয়েছে বলে জানান স্পিকার।
বার্তা সংস্থা ইউএনবিতে প্রকাশিতে প্রতিবেদ অনুযায়ী, বিলের মূল বিধানগুলোতে বলা হয়েছে যে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার এবং বিসিএস বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর।
এ ছাড়া স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা ৩২ বছর হবে।