আবারও পরিবর্তন করা হলো পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম। এ বছর থেকে এই শোভাযাত্রা ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে। রবিবার সচিবালয়ে নববর্ষ উদ্যাপন নিয়ে আয়োজিত এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্কৃতিমন্ত্রী। তিনি জানান, নাম পরিবর্তন হলেও শোভাযাত্রার চিরাচরিত বৈশিষ্ট্য ও অন্যান্য আয়োজন অপরিবর্তিত থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে ১৯৮৯ সালে যখন প্রথম শোভাযাত্রা বের হয়, তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’।
নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নাম বদলে রাখা হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবার সেটি পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামকরণ করলো বিএনপি সরকার।
মঙ্গল শোভাযাত্রাকে ২০১৬ সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যোগ করে ইউনেস্কো। সেই তালিকায় এই উৎসবটি এখনো ‘মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ’ নামেই নিবন্ধিত আছে।
নামকরণের বিষয়ে ইউনেস্কো সরাসরি কোনো হস্তক্ষেপ করে না। তবে নাম পরিবর্তন করতে হলে সরকারকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে। সংস্কৃতিমন্ত্রী জানিয়েছেন, নাম পরিবর্তনের বিষয়টি দ্রুত ইউনেস্কোকে জানানো হবে।