যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ এ খবর জানিয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যমটি।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বুধবার একটি মিত্র দেশের মাধ্যমে ওই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়। তবে কোন দেশটি মধ্যস্থতা করেছে, তা প্রকাশ করা হয়নি।
প্রস্তাবটির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু নিশ্চিতও করেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ার প্রেক্ষিতে এই যুদ্ধবিরতির প্রস্তাব আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করা হয়।
সূত্রের বরাতে ফার্স নিউজ জানাচ্ছে, তেহরান প্রস্তাবটির কোনো লিখিত জবাব দেয়নি। বরং হামলার মাত্রা বাড়িয়েই তারা এর প্রতিক্রিয়া জানিয়েছে।
গত ২৮এ ফেব্রুয়ারি থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।