হামের টিকা পাবে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশু

হামের প্রাদুর্ভাব থেকে বাঁচতে রবিবার থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু করবে সরকার। আক্রান্ত ছাড়া ৬ মাস থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত সব শিশু এই টিকা কার্যক্রমের আওতায় আসবে। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি জানান, হামের প্রকোপ বেশি এমন ৩০টি উপজেলায় শুরু হবে টিকাদান কর্মসূচি।

উপজেলাগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামে আক্রান্ত হওয়া বেশিরভাগ শিশু ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। এ কারণে প্রথমে টিকাদানের আওতায় আসবে ৬ মাস থেকে ৫৯ মাসের শিশু। আগে পাক বা না পাক তাদের সবাই টিকা পাবে।”

বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

হাম নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।