মধ্যপ্রাচ্য ইস্যু: ঢাকার স্পষ্ট অবস্থান চায় তেহরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে কার্যত উষ্মা প্রকাশ করেছে ইরান। ঢাকা নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, “আমরা আশা করি, বাংলাদেশ আরও স্পষ্ট ও দৃঢ় অবস্থান নেবে। অন্যান্য দেশ যেমন পাকিস্তান, তুরস্ক এই হামলার নিন্দা করেছে এবং সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছে।”

পহেলা এপ্রিল সকালে কয়েকজন গণমাধ্যমকর্মীর সাথে কথা বলেছেন ইরানে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের কিছু বিবৃতিতে শুধু উদ্বেগ প্রকাশ করা হয়েছে।  কিন্তু আগ্রাসনের স্পষ্ট নিন্দা করা হয়নি।”

মধ‌্যপ্রা‌চ্যের চলমান প‌রি‌স্থি‌তি‌তে বাংলা‌দেশ শা‌ন্তির উদ্যোগ ইরান স্বাগত জানা‌বে। রাষ্ট্রদূত ব‌লেন, “বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আছে আমরা তা বুঝি। কিন্তু এটি একটি আন্তর্জাতিক বিষয়। বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য হিসেবে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নিলে ভালো হয়।“

জলিল রহিমি জাহনাবাদি ব‌লেন, “রাশিয়া মুসলিম দেশ নয়, তবুও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চীনও। এই কারণে, আমরা তাদের ভূমিকার প্রতি কৃতজ্ঞ। চীন এবং রাশিয়া এই আগ্রাসনের নিন্দা করেছে। স্পেনের মতো ইউরোপীয় দেশও সরাসরি নিন্দা জানিয়েছে এবং বলেছে, আমরা এই হামলার সমর্থন করি না।”

হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশি জাহাজ নিরাপদে ফেরাতে ইরান সহযোগিতা করবে বলেও জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

তিনি বলেন, “ছয়টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর স্পেসিফিকেশন পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি।”

বাংলাদেশের কাছে জাহাজগুলোর ‘স্পেসিফিকেশন’ সুনির্দিষ্টভাবে জানতে চাইলে তা গত সপ্তাহে দেওয়া হয়েছে ইরান দূতাবাসকে।

রাষ্ট্রদূত বলেন, “এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”