অবৈধভাবে মজুত তেল উদ্ধারে ৩৫৫৯ অভিযান, ৮৪ লাখ টাকা জরিমানা

দেশজুড়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি বিভাগ। গত ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় তিন লাখ টন তেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ সময় ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, এ সময়ে উদ্ধার হওয়া তেলের মধ্যে রয়েছে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল।

একই সময়ে দেশব্যাপী মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১ হাজার ২৪৪টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ লাখ ৫১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে এবং ১৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য এই অভিযান পরিচালনা করা হয়। 

জ্বালানি তেলের চাহিদা ও মজুত পরিস্থিতি সম্পর্কিত পৃথক তথ্য প্রকাশ করেছে জ্বালানি বিভাগ, সেখানে বলা হয়, ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রাপ্ত তথ্যে ডিজেলের মজুত ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন, অকটেন ৯ হাজার ৭৮০ মেট্রিক টন, পেট্রোল ১১ হাজার ৮০১ মেট্রিক টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৫০৯ মেট্রিক টন।