মজুত ঠেকাতে জ্বালানি ডিপোতে বিজিবি, পাম্পে ট্যাগ অফিসার

জ্বালানি তেল সংকটের সুযোগ নিয়ে অবৈধ মজুতদারি ঠেকাতে ১৯ টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বাহিনীর সদস্যরা জ্বালানি তেল বিপণনে শৃঙ্খলা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

বুধবার থেকে ঢাকার ১টি, কুড়িগ্রামে ২টি, রংপুরে ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি এবং সুনামগঞ্জে ১টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়াও, সীমান্ত দিয়ে তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন করে তল্লাশি এবং সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিতভাবে তল্লাশিও চালাচ্ছে বাহিনীটি।

এদিকে চলমান জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয়ের জন্য দেশের সবপেট্রোল পাম্পে একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শুক্রবার এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।।

এছাড়া জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও প্রতিদিন প্রতিবেদন দেবেন।