জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে না সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার দুপুর ১২টায় যশোরে দুস্থ ও অসহায় ব্যক্তিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

প্রতিমন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত সারা পৃথিবী ৮০টা দেশ জ্বালানির মূল্য বৃদ্ধি করলেও আমাদের গণতান্ত্রিক সরকার এখনো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা করছে না। বরং সরকার প্রতিদিন প্রায় ১৬৭ কোটি টাকা জ্বালানির পেছনে ভর্তুকি দিচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, আমাদের চাহিদা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দেশে প্রতিদিন মার্চে গড়ে ডিজেলের চাহিদা ছিল ১২ হাজার টন। পেট্রোল–অকটেনের চাহিদা ছিল ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন। ঈদের আগে প্রতিদিন ২৪ হাজার থেকে ২৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হয়েছে। 

বতর্মান সরকার আগামী এপ্রিল পর্যন্ত জনগণের জ্বালানির চাহিদা নিশ্চিত করতে সক্ষম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।

এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত উল্লেখ করেন গতকাল হরমুজ প্রণালি দিয়ে যে ৫টি দেশের জাহাজ চলাচলে ইরান সম্মতি দিয়েছে, তার মধ্যে বাংলাদেশের নামও আছে। এটিকে বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য হিসেবেও তুলে ধরেন।