ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেল ট্যাংকার যাওয়ার অনুমতি পেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে এই দাবি করেন তিনি।
ট্রাম্প দাবি করেছেন, উপহার হিসেবে এই ১০টি জাহাজের অনুমতি দিয়েছে ইরান। তিনি বলছেন, “তারা বলছে, আমরা যে সঠিক এবং তা অনড় তা প্রমাণের জন্য আটটি তেলের নৌকা, বিশাল তেলের নৌকা যাওয়ার অনুমতি দিচ্ছি।”
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমার মনে হয় তারা সত্যি কথাই বলেছে। সবমিলে ১০টি নৌকা ছাড়ছে তারা।”
আলোচনায় সদিচ্ছা দেখাতেই এই অনুমতি দিয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।
এর আগে মঙ্গলবার ট্রাম্প এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রকে জ্বালানিসংক্রান্ত অত্যন্ত দামি উপহার দিয়েছে ইরান। তিনি বলেছিলেন, “তারা আমাদের উপহার দিয়েছে, সেই উপহার এসে পৌঁছেছে। টাকার হিসেবে এই উপহারের মূল্য অনেক।”
তবে ইরানের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
(রয়টার্স অবলম্বনে)