জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। বুধবার স্পিকার হিসেবে তার নাম ঘোষণা করেন অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। 

ঘোষণার আগে সভাপতি বলেন, স্পিকার পদের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছি। এই পদে সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) -ভোলা ১৩  এর নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব করেছেন বরগুনা ২ এর সংসদ সদস্য নুরুল ইসলাম। প্রস্তাবটি সমর্থন করেছেন, খুলনা-৩ এর সংসদ সদস্য রকিবুল ইসলাম। 

এরপর নুরুল ইসলামকে অধিবেশনে নাম প্রস্তাবে আহ্বান জানানো হয়। তিনি দাঁড়িয়ে আহ্বান জানান এবং অধিবেশনে তা সমর্থন করেন রকিবুল ইসলাম। 

পরবর্তীতে খন্দকার  মোশাররফ বলেন, “জনাব হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার পদে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা করা যেতে পারে। কার্যপ্রণালী (৮) বিধিতে ভোটের মাধ্যমে নির্বাচন করার কথা থাকায় আমি প্রস্তাব করছি।”

কণ্ঠভোটে হাফিজ উদ্দিন আহমেদকে সমর্থন জানান সংসদ সদস্যরা। কেউ না ভোট দেননি। 

এরপর  হাফিজ উদ্দিন আহমেদকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে ঘোষণা করেন অধিবেশনে সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।

ডেপুটি স্পিকার পদের জন্যও একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।

তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি।

প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান অধিবেশনের সভাপতি। কুদ্দুস তালুকদার আনুষ্ঠানিক প্রস্তাব দেন এবং প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়। 

এরপর কায়সার কামালকে ডেপুটি স্পিকার ঘোষণা করেন খন্দকার মোশাররফ হোসেন।