পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমীরের উপদেষ্টা

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠি নিয়ে চলছে নানা আলোচনা। সেই চিঠির জের ধরে পদ হারিয়েছেন আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান। রাজনৈতিক দলটি দাবি করছে, আলোচিত ঘটনাটি আরও দুই সপ্তাহ আগের। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সেই চিঠিতে জামায়াতের আমীরের হয়ে মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রণালয়ে মন্ত্রীর পদমর্যাদায় পদায়নের সুপারিশ করা হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে লেখা ছিল যে শফিকুর রহমান মনে করেন এই পদায়নের মাধ্যমে বিরোধী দলীয়দের ‘পররাষ্ট্রনীতিসমূহ’ সরকারের কাছে উপস্থাপন, পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ‘ভারসাম্য’ রক্ষা করা যাবে। 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১০ই মার্চ, মঙ্গলবার এ বিষয়ে একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, পররাষ্ট্র বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা। কিন্তু তিনি সেই চিঠিতে আমীরের দেওয়া নির্দেশনার বাইরে কিছু বিষয় যুক্ত করেন। 

বিবৃতিতে সেক্রেটারি জেনারেল বলেন, “চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমীরে জামায়াতের নির্দেশনায় ছিল না।” 

জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেইসবুক পেইজ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমীরের নির্দেশনার বাইরে গিয়ে চিঠিতে বিষয়বস্তু যোগ করার জন্য মাহমুদুল হাসানকে ২রা মার্চ উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তার জায়গায় বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।