শত শত অপ্রাপ্তবয়স্ককে অনলাইনে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। দেশটির বিচার বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম জোবাইদুল আমিন।
তাকে শুক্রবার যুক্তরাষ্ট্রের দেশটির ডিস্ট্রিক্ট অব আলাস্কার আদালতে তার প্রথম হাজির করার কথা রয়েছে।
মার্কিন আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের জুলাই মাসে ২৮ বছর বয়সী জোবাইদুল আমিনের বিরুদ্ধে একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ গঠন করা হয়।
অভিযোগে বলা হয়েছে, তিনি আলাস্কাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বিশ্বের বিভিন্ন স্থানে থাকা শত শত অপ্রাপ্তবয়স্ককে অনলাইনে যৌনভাবে নির্যাতন করেছেন।
তদন্তে জানা যায়, জোবায়দুল ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপ্রাপ্তবয়স্কদের শনাক্ত করতেন এবং তাদেরকে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন ও যৌন নির্যাতনমূলক করতেন।
মার্কিন বিচার বিভাগ জানায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে এফবিআই মালয়েশিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে এই মামলার তদন্ত চালিয়ে আসছে। সে সময় মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বার জোবায়দুলে বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত ১৩টি অভিযোগ আনে।
আমিন মালয়েশিয়ায় বসবাস করতেন এবং সেখানে একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে এফবিআইয়ের মাধ্যমে আলাস্কায় স্থানান্তর করা হয়।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, বিদেশে আত্মগোপন করে থাকা অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টার এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অনলাইন শিশু যৌন শোষণের বিরুদ্ধে লড়াই জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, শিশুদের সুরক্ষার ক্ষেত্রে অপরাধী যুক্তরাষ্ট্রে থাকুক বা বিদেশে, এফবিআইয়ের অবস্থান একই থাকবে। আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।
এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, বুধবার রাতেই এফবিআইয়ের অ্যাঙ্কোরেজ টিম মালয়েশিয়া থেকে জোবায়দুল আমিনকে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করেছে।
সেখানে তিনি বৃহস্পতিবার মামলার অভিযোগে আদালতের মুখোমুখি হবেন। এ ঘটনায় পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডিস্ট্রিক্ট অব আলাস্কার ইউএস অ্যাটর্নি মাইকেল জে. হেইম্যান বলেন, এই মামলাটি আন্তর্জাতিক পর্যায়ের এবং এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অনলাইন শিশু নিপীড়নের সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি।
জোবাইদুল আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক অপরাধী চক্র পরিচালনা, সাইবার স্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার ফ্রডসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব আলাস্কার ইউএস ম্যাজিস্ট্রেট জজ কাইল এফ. রিয়ার্ডনের আদালতে জোবায়দুলের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তার ২০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।