নারী এশিয়ান কাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ। মঙ্গলবার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে চীনের কাছে ২-০ গোলে হেরেছে মেয়েরা।
বাংলাদেশ সময় দুপুর ২টায় ‘বি’ গ্রুপ থেকে বর্তমান ও নয়বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ের ১৭তম দলের বিপক্ষে এই প্রথম মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। পরাজিত হলেও লড়াই করতে ছাড়েনি পিটার বাটলারের শিষ্যরা।
এদিন ম্যাচের প্রথম ৪০ মিনিট চীনের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করেছে আফিদা-ঋতুপর্ণারা। তবে প্রথমার্ধ্বের একদম শেষ দিকে ৪৪ ও ৪৬ মিনিটে পরপর দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে ঋতুপর্নারা।
তবে পিছিয়ে পড়লেও দমে যায়নি বাঘিনীরা। লড়াই চালিয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়া যায়নি। ফলে ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী ফুটবল দলকে।
পরাজিত হলেও বাংলাদেশের ফুটবলে আজ ছিলো এক ঐতিহাসিক দিন। সর্বশেষ ১৯৮০ সালে এশিয়ান কাপের পুরুষদের আসরে খেলেছিলো বাংলাদেশ। ৪৬ বছর পর নারী ফুটবলারদের হাত ধরে আবারও এশিয়ান কাপে ফিরলো বাংলাদেশ।
শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।