ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। স্থানীয় সময় রবিবার ভোর পাঁচটায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তারা জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় নিজ কার্যালয়েই নিহত হয়েছেন খামেইনি।
রবিবার ইরান এই খবর নিশ্চিত করার আগেই অবশ্য খামেইনি নিহত হয়েছে বলে ঘোষণা আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পক্ষ থেকে। তখন এই তথ্য অস্বীকার করেছিল ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের।
প্রথম এই খবর জানিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের পোস্টে। খামেইনিকে ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষদের একজন উল্লেখ করে সেখানে তিনি লিখেন, “খামেইনি নিহত হয়েছেন। এই ন্যায়বিচার শুধু ইরানের মানুষের জন্যই নয়, বরং সকল মহান আমেরিকানদের জন্য, এবং পৃথিবীজুড়ে বিভিন্ন দেশের সেই মানুষদের জন্য যারা খামেইনি ও তার রক্তপিপাসু গুন্ডাবাহিনীর হাতে নিহত কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে।”
এ ছাড়া একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে খামেইনির মৃত্যুর খবর জানিয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সও।
১৯৮৯ সাল থেকে আয়াতোল্লা খামেইনি ইরানের সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন । তার আগে দেশটির সর্বোচ্চ আসনে ছিলেন ১৯৭৯ সালের বিপ্লবের নেতা আয়াতোল্লা রুহুল্লাহ খোমেইনি।