রাখাইনের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মি প্রধানের চিঠি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির প্রধান ও ইউনাইটেড লিগ অব আরাকানের চেয়ারম্যান মেজর জেনারেল তোয়াই ম্রা নাইং। এ খবর দিয়েছে মিয়ানমারের বার্তাসংস্থা ইরাবতী।

অভিনন্দনবার্তায় জেনারেল নাইং বলেছেন, “বিদ্যমান সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এখন বাংলাদেশ ও আরাকানেরর মধ্যে বন্ধুত্বের নতুন পথ তৈরির একটি সুযোগ তৈরি হয়েছে।”

বুধবার পাঠানো বার্তায় তিনি বাংলাদেশ-রাখাইন সম্পর্কের ক্ষেত্রে বাস্তবসম্মত, টেকসই ও কার্যকর সমাধান প্রত্যাশা করেন।

রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের পুরো অংশই আরাকান আর্মির দখলে বলে দাবি করে সংগঠনটি।

ভিন্ন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন মিয়ানমার সরকারের পররাষ্ট্রমন্ত্রী থান সুয়ে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস’কে বলেছেন, “মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের পাঠানো বার্তা চলমান যোগাযোগের ফল।” তার মতে, এ ধরনের যোগাযোগ ও আলোচনা রোহিঙ্গা সংকট সমাধানের জন্য গুরুত্বপূর্ণ।

পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বলেছেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মি দুই পক্ষের সাথেই যোগাযোগ আছে ঢাকার। রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও জাতিসংঘের সাথেও কাজ করছে বাংলাদেশ।