বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন হতে যাচ্ছে ৯ই এপ্রিল। মঙ্গলবার নির্বাচন কমিশনের জনসংযোগ অধিদপ্তর থেকে আলাপ-কে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে দুটোতেই জয় লাভ করেন। পরে তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা প্রকাশ করলে কমিশন বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে।
এর আগে ৩রা ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
মঙ্গলবার এই দুই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, শেরপুর-৩ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না। কারণ ইতোমধ্যে ‘হ্যাঁ’ বিজয়ী হওয়ায় গণভোটের প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২রা মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ই মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ই মার্চ। তবে শেরপুর-৩ আসনে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।