মোবাইল আর্থিক সেবা নগদে ব্যক্তিগত নয়, বিদেশি কোম্পানির বিনিয়োগের ক্ষেত্রে সমন্বয়ক হিসেবে কাজ করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেম। মঙ্গলবার নিজের ফেইসবুক থেকে লাইভে এসে এই ব্যাপারে বিস্তারিত বলেন তিনি।
তিনি বলেন, “আমি একটি আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থার পক্ষে আইনজীবী হিসেবে বাংলাদেশে তাদের বিনিয়োগ করার ক্ষেত্র, কোথায় তারা বিনিয়োগ করতে পারেন সে বিষয়ে আমি তাদের স্থানীয় সমন্বয়ক হিসেবে কাজ করছি। এটা আমার পেশা।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আরমান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য জমা দেওয়া হলফনামায় নিজের সর্বমোট সম্পদের পরিমাণ ২ কোটি টাকা উল্লেখ করেছিলেন তিনি।
এরপর একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে নগদে বিনিয়োগ করতে চাইছেন ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর নগদের ফরেনসিক অডিট করার আবেদন করেছেন তিনি। গভর্নরের সঙ্গে এ ব্যাপারে একটি বৈঠকও করেছেন তিনি।
তবে লাইভে এসে ব্যারিস্টার আরমান জানিয়েছেন তিনি ব্যক্তিগত বিনিয়োগ করছেন না। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে কোনো বিনিয়োগ এখানে করছিনা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর কথা বলা হচ্ছে। আপনার যদি মূল ধারা সংবাদ সংস্থার রিপোর্ট দেখেন। সেখানে কিন্তু তারা সঠিকভাবে জিনিসটি রিপোর্ট করছে।”
“আমি আন্তর্জাতিক বহুজাতিক বিনিয়োগ সংস্থার স্থানীয় সমন্বয়ক হিসেবে, আইনজীবী হিসেবে, পেশাগত দায়িত্ব পালন হিসেবে তাদেরই পক্ষে কাজ করছি। আমি নিজে কোনো ব্যক্তিগত বিনিয়োগ এখানে করছি না। সেই করার সক্ষমতা আমার নেই।”
মঙ্গলবার এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছেন বলেও ভিডিওতে দাবি করেন ব্যারিস্টার আরমান। তিনি বলেন, “আমি পরিষ্কার বলতে চাই, আমি ব্যক্তিগত গত তবে কোনো বিনিয়োগ এখানে করছি না। আশা করি সকল কনফিউশন ক্লিয়ার হবে।”