আপাতত মুক্তি পেলেন প্রিন্স অ্যান্ড্রু

দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। বৃহস্পতিবার সন্ধ্যায় নরফোকের আইলশাম পুলিশ স্টেশন থেকে তাকে একটি গাড়ির পেছনের সিটে বসে চলে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালেই সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যুক্তরাজ্যের আধুনিক ইতিহাসে রাজপরিবারের কোনো সদস্যের এভাবে গ্রেপ্তার হওয়ার ঘটনাকে 'নজিরবিহীন' বলে উল্লেখ করেছে দ্য টেলিগ্রাফ।

মূলত যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে আসার পর থেকেই তিনি আইনি চ্যালেঞ্জের মুখে ছিলেন।

টেমস ভ্যালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রুকে মুক্তি দিলেও তদন্ত প্রক্রিয়া এখনো চলমান আছে। যদিও এই বিষয়ে পুলিশ এখন পর্যন্ত বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি।

তারা জানায়, তদন্তের অংশ হিসেবে নরফোক এবং বার্কশায়ারের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে। বর্তমানে আটটি আলাদা সংস্থা অ্যান্ড্রুর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে সরকারি পদে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার এবং নারী পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে তদন্ত চলছে।

এই তদন্ত প্রক্রিয়ায় ‘পূর্ণ সমর্থন রয়েছে’ বলে জানিয়েছেন অ্যান্ড্রুর ভাই ব্রিটেনের চার্লস।