প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক থাকলে তা ত্যাগ করার শর্তে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের আগে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন।