জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার দুপুরে বিষয়টি আলাপকে নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া সেল সদস্য মো. মাহবুব আলম। তিনি জানান, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যাবে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম সহ আরও কয়েকজন।

কেন দলটি এখন জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে দলটির মিডিয়া সেল সদস্য মো. মাহবুব আলম আলাপকে বলেন, “তখন আমাদের দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোট সরকার করবে কি করবে না এটা নিয়ে সরকারের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব ছিলো। আমাদের কাছে মনে হয়েছে আমরা যদি এটা স্বাক্ষর না করি তাহলে সরকারের উপর একটা চাপ থাকবে। সেই জায়গা থেকে আমরা অফ রাখছি।"

এখন জনগণ জুলাই সনদকে রায় দিয়েছে মত দিয়ে এনসিপির এই নেতা বলেন, “এমন অবস্থায় আমাদের মনে হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করা যেতে পারে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ১৭ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।