ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধশতাধিক দল অংশ নিলেও এর মধ্যে মাত্র নয়টি দল আসন পেয়েছে। কোনো আসনই পায়নি বাকি দলের প্রার্থীরা।
একক দল হিসাবে ত্রয়োদশ সংসদে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব থাকছে বাংলাদেশ জাতীয়তা দল-বিএনপির। তারেক জিয়ার দল আসন পেয়েছে ২০৯টি।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এগার দলীয় জোটের আরেক দল জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ছয় জন সংসদ সদস্যকে দেখা যাবে এবারের সংসদে।
বাংলাদেশ খেলাফত মজলিস জয় পেয়েছে দুইটি আসনে।
এছাড়া একটি করে আসন পেয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস।
গত বৃহস্পতিবার দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে একটানা ভোটগ্রহণ হয়। একজন প্রার্থী মারা যাওয়ার কারণে শেরপুর-৩ আসনে ভোট পরে অনুষ্ঠিত হবে।
তবে শেষ পর্যন্ত ঘোষিত হয়েছে ২৯৭টি আসনের ফলাফল। ভোট হলেও আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল গেজেটে রাখা হয়নি।
এবারই প্রথম জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছিল গণভোটও।