'গণতন্ত্রের সূচনা হবে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে'

জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, “সমগ্র বাংলাদেশের জন্য একটি উৎসবের দিন। গণতন্ত্রের সূচনা হবে জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে।”

তিনি বলেন, “ভোট সুষ্ঠু হলে, নিরপেক্ষ হলে অবশ্যই আমরা মেনে নেবো, সব দলই মেনে নেবে। তবে একটা শর্ত আছে। ভোট সুষ্ঠু না হলে আমরা ফল মানবো না।” 

ঢাকাবাসীর উৎসাহের প্রতিফলন ভোটের ফলাফলে ফুটে উঠবে বলেই মনে করছেন তিনি।

তার ভাষায়, “ভোটাররা অত্যন্ত আগ্রহ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাচ্ছেন ঢাকাবাসী, সে উৎসাহের প্রতিফলন দেখা যাবে ফলাফলে।”

তারেক রহমান আরও বলেন, ”নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। যে সব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

এর আগে ঢাকার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট বিএনপি চেয়ারম্যান।

এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।