ট্রাম্প ট্যারিফ

ছয় মাসের দেন দরবারে ১ শতাংশ ‘পাল্টা শুল্ক’ কমালো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সই করেছে বাংলাদেশ। এতে ট্রাম্পের পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। ছয় মাসের চেষ্টায় ১ শতাংশ শুল্ক কমাতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার।

এই চুক্তির ফলে আগের ১৫ থেকে সাড়ে ১৬ শতাংশ শুল্কসহ এখন বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে মার্কিন কোম্পানিগুলোকে শুল্ক দিতে হবে ৩৪ শতাংশ থেকে ৩৫ দশমিক ৫ শতাংশ।

ট্রাম্প ঘোষিত শুল্ক যুদ্ধের শুরুতে, ২০২৪ সালের দোসরা এপ্রিল বাংলাদেশের জন্য এই হার ঠিক করা হয়েছিল ৩৭ শতাংশ। পরে শুল্ক আরোপ তিন মাসের জন্য পিছিয়ে দেয় ট্রাম্প প্রশাসন।

তিন মাস পর ২০২৫ সালের ৭ জুলাই বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৩৭ থেকে ২ শতাংশ কমিয়ে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেন ট্রাম্প।

আরও দর কষাকষির পর ওই বছরের দোসরা অগাস্ট শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়। ৭ই অগাস্ট থেকে এই পাল্টা শুল্কহার কার্যকর হয়। তবে তখন কোন চুক্তি হয়নি।

সই হওয়া চুক্তি অনুয়ায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি ক্ষেত্রে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার আশ্বাসও দিয়েছে মার্কিন প্রশাসন।

যদিও প্রাথমিকভাবে এ ধরনের পণ্যে শুল্ক ছাড় দেওয়ার কথা আগেই জানানো হয়েছিল।