শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন বাতিল করা হয়েছে।
বুধবার আলাপকে এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, তরফদার মাহমুদুর রহমান।
তিনি বলেন, “জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আরপিও অনুযায়ী এ আসনের নির্বাচন টার্মিনেট (বাতিল) করা হয়েছে।”
কবে নির্বাচন হতে পারে তা জানাতে পারেনি তিনি।
বলেছেন, “নতুন তারিখ ঠিক করবে নির্বাচন কমিশন। যে নির্দেশনা আসবে সেভাবে ব্যবস্থা নেয়া হবে।”
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭-এর ১ উপধারায় বলা হয়েছে, যদি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন; তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম টার্মিনেট (বাতিল বা সমাপ্ত) ঘোষণা করবেন।
অনুচ্ছেদ ১৭-এর ২ উপধারা অনুযায়ী, যদি কোনো নির্বাচনের কার্যক্রম সমাপ্ত করা হয়, তবে এই আদেশের বিধান অনুযায়ী নতুন নির্বাচনের মতো করেই নতুন করে কার্যক্রম শুরু করা হবে।
তবে শর্ত থাকে যে, অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করা বা অনুচ্ছেদ ১৩ অনুযায়ী পুনরায় জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না।
বুধবার রাত আনুমানিক ২টার দিকে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন।