রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ক্ষেত্রে ২১এ ফেব্রুয়ারির পাশাপাশি বঙ্গাব্দের ৮ই ফাল্গুন তারিখ ব্যবহারের নির্দেশনা চেয়ে রিট আবেদন হয়েছে। আমলে নিয়ে সোমবার রুল জারি করেছেন হাইকোর্ট।
পহেলা ফেব্রুয়ারি রিটটি করেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। জনস্বার্থ বিষয়ক এই রিটে একইসঙ্গে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১এ ফেব্রুয়ারি পাকিস্তানি পুলিশের গুলিতে কতজন শহীদ হয়েছেন তার সঠিক সংখ্যা নির্ণয়ের জন্য তদন্ত কমিশন গঠনের বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
রিট আবেদনে একুশে বই মেলার নাম পরিবর্তন করে ‘ফাল্গুনি বই মেলা’ নামকরণের জন্যও নির্দেশনা চাওয়া হয়।
আবেদনের প্রেক্ষিতে ২রা ফেব্রুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিটটি আমলে নিয়ে রুল জারি করেন।
এতে স্বরাষ্ট্র সচিব, সংস্কৃতি সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় শহীদ মিনার রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতিকে জবাব দিতে বলা হয়েছে।