ভারতীয় কূটনীতিকের সাথে ‘গোপন’ বৈঠক নিয়ে যা বললেন জামায়াতের আমীর

জামায়াতে ইসলামীর আমীরের সাথে ভারতীয় কূটনীতিকের ‘গোপন’ সাক্ষাৎ নিয়ে বুধবার সন্ধ্যার পর থেকেই নানা গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে করা সংবাদগুলোর নিন্দা জানিয়েছেন শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকালে তিনি ফেইসবুকে লিখেছেন, “আন্তর্জাতিক মিডিয়া রয়টার্স–কে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না।

“আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে।”  

তবে এই বৈঠক কোনও গোপন বৈঠক ছিল না বলে দাবি করেন জামায়াতের আমীর।

তিনি লিখেছেন, “আমরা তাদের সঙ্গে আলাপ-আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে এসেছেন, তাদের সকলের বিষয়েই আমরা পাবলিসিটিতে দিয়েছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম, পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এখানে গোপনীয়তার কিছু নেই।”

তিনি প্রকাশিত সংবাদ নিয়ে বিস্ময় প্রকাশ করে লিখেছেন, “আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।”