খালেদা জিয়ার মৃত্যু

বিএনপি'র সাত দিনব্যাপী শোক কর্মসূচি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী জানান শোক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।

তিনি বলেছেন, “এই সময়ে দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে সাত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।” 

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব বিএনপি ইউনিটের অফিসে শোক বই খোলা হবে বলেও জানান রিজভী।

খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পর্কে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র মহাসচিব।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

 গত ২৩এ নভেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন। বেশ কয়েকদিন ধরেই তিনি সঙ্কটাপন্ন অবস্থায় ছিলেন।