প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের দিল্লি বিমানবন্দরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়ে রাষ্ট্রীয় সফর বাতিল করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য এবং পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তার সঙ্গে দিল্লির এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ব‌লে পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে এবং আজকে দিনশেষে আমরা এ বিষয়ে আপনাদেরকে জানাবো।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ মন্তব্য ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে ডা. জাহেদ রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিলো।

পরবর্তীতে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডা. জাহেদ উর রহমান শ্রীলঙ্কার কলম্বো হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।