ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ডিএমপির ২১৬৭টি মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৩৭৬টি যানবাহন ডাম্পিং এবং ২৮৮টি যানবাহন রেকার করা হয়েছে।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সবচেয়ে বেশি ৪৩৬টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪২৭টি, মিরপুর বিভাগে ৩৬০টি, ওয়ারী বিভাগে ২৭৯টি, গুলশান বিভাগে ২৩৫টি, লালবাগ বিভাগে ১৯৪টি, তেজগাঁও বিভাগে ১৫৯টি এবং রমনা বিভাগে ৭৭টি মামলা করা হয়েছে।

মামলাগুলোর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে মামলার সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।

ডিএমপি জানায়, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

রাজধানীতে নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।