সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। ১২ই জুন পুলিশ সদর দফতরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবু ধাবি থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। রবিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদ এই তথ্য নিশ্চিত  করেন। 
 
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। ইন্টারপোলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গ্রেফতারের ব্যপারে জানানো হয়। 

তিনি বলেন, “গত ১২ জুন আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টর জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্টার ব্যুরো (এনসিবি), আবু ধাবি থেকে প্রেরিত ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়েছে।”

বর্তমানে দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি সংসদকে অবহিত করেন।