বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন। শুক্রবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন তিনি।

সকালে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয়ে পেট্রাপোল বন্দরে পৌঁছান। পরে বেলা সাড়ে এগারোটার দিকে নো ম্যানস ল্যান্ড হেঁটে পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

তাকে স্বাগত জানান ভারতের ডেপুটি হাইকমিশনার পওয়ান বাধে। যশোর থেকে সড়কপথে তিনি ঢাকায় পৌঁছাবেন। দীনেশ ত্রিবেদীর সঙ্গে আছেন তার স্ত্রী মৃণাল ত্রিবেদী।

ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে গত এপ্রিলে ভারত সরকার বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়।

দ্বিপাক্ষিক সম্পর্কের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার হিসাবে নিয়োগে দিয়েছে ভারত।

ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী।

এর আগে ২০২০ সালে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আখাউড়া-আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছিলেন। কোভিডের কারণে ওই সময় আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় তিনি সড়কপথে বাংলাদেশে এসেছিলেন।