আবারও ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে গেলো বাস। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাস দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। তবে সে সময় বাসে কোনো যাত্রী ছিল না।
নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আলাপকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ফেরিতে ওঠার সময় এসবি পরিবহনের ওই বাসটি থেকে সব যাত্রীকে আগেই নামিয়ে দেওয়া হয়েছিল। তাই বড় ধরনের হতাহতের শঙ্কা এড়ানো গেছে। তবে বাসচালক ও হেলপার সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি।
এর আগে, গত ২৫এ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।