ইরানের দুইটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই সপ্তাহান্তে তারা গোরুক শহর এবং কেশম দ্বীপে ইরানের রাডার ও সামরিক স্থাপনাগুলোর ওপর “আত্মরক্ষামূলক হামলা” চালিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম বলেছে, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-ওয়ান ড্রোন বন্ধ করে দেওয়াসহ ইরানের “আক্রমণাত্মক কর্মকাণ্ডের” জবাব হিসেবে এ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।
সেন্টকম আরও বলেছে, মার্কিন বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস করেছে, যেগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য স্পষ্ট হুমকি তৈরি করছিল।
অন্যদিকে তেহরান বলেছে যে তারা এই হামলার জবাবে মার্কিন ঘাঁটিতে তারা পালটা হামলা চালিয়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দক্ষিণ ইরানে হামলার জন্য মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে ঘাঁটিটির অবস্থান তারা জানায়নি।
আইআরজিসির দাবি, ওই ঘাঁটি থেকেই সিররি দ্বীপে মার্কিন হামলা পরিচালিত হয়েছিল।
ইরান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে।
এর আগে মার্কিন বিমান হামলার জবাবে তেহরান গত সপ্তাহেও কুয়েতের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তেহরানের ভাষ্যমতে, নৌচলাচল পথের চারপাশে ইরানি নৌকা ও ক্ষেপণাস্ত্রের মাইন পাতার প্রচেষ্টা প্রতিহত করতেই ওই হামলা চালানো হয়েছিল।